প্রথমবারের মতো মাধ্যমিক স্তরে গরিব পরিবার থেকে আসা ১০ শতাংশ ছাত্রকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ছাত্রী উপবৃত্তির হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হচ্ছে।
দেশের ৫৪ জেলার ২১৭টি উপজেলায় চালু হবে এ পর্বের উপবৃত্তি কার্যক্রম। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৯১ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকা।
জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রকল্পটি অনুমোদন পেলে এ বছর থেকেই এটির বাস্তবায়ন শুরু হবে। ২০১৭ সালের জুনের মধ্যেই প্রকল্পের বাস্তবায়ন শেষ হবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ভারপ্রাপ্ত সদস্য হুমায়ুন খালিদ পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে জানান, এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে। নারীশিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ভর্তির হার বাড়বে। জাতীয় শিক্ষানীতি ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
এমকে





