কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে ছেনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন তিনি মারা যান। এটি কক্সবাজারে করোনায় প্রথম মৃত্যু।

ছেনোয়ারা বেগম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, বুধবার ছেনোয়ারা বেগম জ্বর, সর্দি, কাশি এবং বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এরপর তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান জানান, হাসপাতালে ভর্তির আগে থেকেই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। মৃত্যুর আগে ওই রোগীর বুক ব্যথা হঠাৎ বেড়ে গিয়েছিল।

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা জানান, কক্সবাজার জেলায় প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনের টিমকে বলা হয়েছে।

এমআর