তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শনিবার সকাল ৯টায় দ্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এছাড়াও লাল গালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

সকাল দশটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন গণভবনে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। এই প্রতিনিধি দলে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি ও অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক রয়েছেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধি দলও ঢাকায় এসেছেন।

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন করা হবে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী তোবগে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার বেলা সাড়ে ১২টায় হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। সন্ধ্যা সাতটায় সোনারগাঁও হোটেলের ব্যাঙ্কুয়েট হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।

জেএ