বগুড়া জেলার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৬ মে) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো মাদক ব্যবসায়ীরা হলেন, ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের ক্ষিতিশ হাওলাদারের ছেলে রিপন কুমার (৩০) এবং উত্তর অফিসারপাড়ার হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফি পাপ্পু (৩০)।

এর আগে রোববার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম ভরনাশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা মাঠ থেকে তাদের আটক করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রিপন ও পাপ্পু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। রোববার রাতে তারা ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছিলেন।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ রিপন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাপ্পুকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এমই