যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ রোববার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত শক্তিশালী দেশ। তাদের সঙ্গে আমাদের এমনভাবে চলতে হবে, যাতে সম্পর্ক অত্যন্ত উন্নত হয়।
আব্দুল মোমেন বলেন, এই তিন দেশ ছাড়াও রাশিয়া, সৌদি আরব, কাতার, জাপান, আরব আমিরাতসহ অনেক দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রয়েছে। প্রত্যেকের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখেছি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু বলেই অনেক সুপারিশ দেয়। ভালো সুপারিশ আমরা গ্রহণ করব। সবকিছুতে আমরা ভালো হয়ে গেছি, বিষয়টি সেরকমও নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের সৃষ্টি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। সে কারণে এখানকার গণতন্ত্র নিয়ে অন্যদের (বিদেশি) বাড়াবাড়ি করার দরকার নেই।
এবিএস
















