বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে মেতে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ। কিন্তু এই আনন্দে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে গরম ও তাপপ্রবাহ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখে রাজধানীতে বিরাজ করছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ বিরাজ করছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। একই সঙ্গে টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৫ শতাংশ। আজও একই রকম তাপমাত্রা বিরাজ করবে বলেও অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এই তাপপ্রবাহ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিরাজ করবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

তিনি বলেন, আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি দিনের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এম আর