সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, '৭৫ এর আগে ও পরের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে-বুঝেই আওয়ামী লীগ জাসদের সঙ্গে জোট বেঁধেছে। এ ছাড়া জাসদের পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রমসহ রাজনীতিতে তাদের ভূমিকা আমাদের অজানা নেই। কাজেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে জাসদের ভূমিকা নিয়ে প্রশ্ন করলেও তাদের সঙ্গে জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই।'

রবিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঈদের আগে সড়কের প্রস্তুতিমূলক সংস্কার কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

সম্প্রতি বিভিন্ন নেতার বিভিন্ন রকম মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমাদের দলে কোনো কোন্দল নেই, সমন্বয়হীনতা নেই এবং কোনো প্রকার অনৈক্য নেই। সাম্প্রতিককালে কিছু কিছু বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলেও মাননীয় প্রধানমন্ত্রী সেসব বিষয় নিজেই সমাধান করে দিয়েছেন।'

মন্ত্রী এ সময় আসন্ন ঈদে যানজটের জন্য ঘরমুখো মানুষের দুর্ভোগ প্রসঙ্গে বলেন, মাঝে মাঝেই নবীনগর-চন্দ্রা সড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেলে যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়। এ ছাড়া গত ঈদেও উত্তরবঙ্গের মানুষ চন্দ্রা পয়েন্টে যানজট এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুর্ঘটনাপ্রবণ এলাকার কারণে চরম ভোগান্তিতে পড়ায় প্রধামন্ত্রী শেখ হাসিনা আমাকে তা সমাধানের দায়িত্ব দিয়েছেন।

এবার যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করেই চন্দ্রা এলাকায় একটি বাইলেন নির্মাণ করা হচ্ছে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোও প্রশস্ত করা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর চন্দ্রার বাইলেন এবং বঙ্গবন্ধুর সেতুর পশ্চিম পাশের দুর্ঘটনাপ্রবণ এলাকার কাজ শেষে উদ্বোধন করা হলে যানজট সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা করেন ওবায়দুল কাদের।

অন্যদিকে, শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়করে চাপ কমাতে চায়নার সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে বলেও জানান মন্ত্রী।

তিনি এ সময় গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন। এ ছাড়া ঈদের সময় মহাসড়কের পাশে কোরবানির হাট বসালে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

সড়কের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সড়কের দায়িত্বে থাকা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআই