রাস্তার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তার কাজের মান নিয়ে আমি খুশি নই। দুই বছর আগে নবীনগর-চন্দ্রা চার লেনের কাজ শেষ হয়েছে। একটু বৃষ্টি হলেই সেখানে গর্ত হয়ে যায়। মেরামত করতে বলেছি। মোরামত এখনও শেষ হয়নি। ঈদের দিন ৬ ঘণ্টা ছুটি দিয়েছি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কাজ হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক।’

মন্ত্রী বলেন, ‘রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমি রাস্তা চার লেন, আট লেন করলাম কোনো লাভ হবে না। রাস্তায় যারা চলেন তারা যদি শৃঙ্খলা না মেনে চলেন তাহলে চার লেন, আট লেন করে কি হবে?’

এ সময় সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার সফিকুর রহমান, সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএস