মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি গ্রামের পুকুর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
শিমুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ জানান, সকালে ওই গ্রামের নুতা পাগলার মাজারের পার্শ্ববর্তী একটি পুকুরে ওই মেয়েটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সালোয়ার কামিজ পরিহিত মেয়েটির কোমড় ওড়না দিয়ে বাঁশের সঙ্গে বাঁধা ছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার অফিসার ইন চার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মেয়েটির লাশ পুকুরে ফেলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





