নোয়াখালীর চাটখিল উপজেলার ইউনিয়ন পরিষদসহ দেশের বিভিন্ন ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠু করার দাবি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে চাটখিল উপজেলা বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান।

দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পেত না বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপিকে দমাতে সরকার পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করছে। 

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। ফলে নির্বাচন কমিশন আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

এ নির্বাচন কমিশনের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ আশা করতে পারে না। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সারা দেশের ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে না পারলে নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম, সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রমুখ।  

এসএম