সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)র জন্য রংপুর বিভাগে সম্বাব্য ঠিকানা হতে চলেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী ফাউন্ডেশন।

এই লক্ষ্যে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে স্থানীয় সূধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।

সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর সমাজের সুবিধাঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সিআরপি’র সেবা কর্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ও উত্তরাঞ্চলের পক্ষাঘাত গ্রস্থ মানুষের জন্য চিকিৎসা ও পূনর্বাসন সেবা সম্প্রসারণে সম্ভাব্য স্থান নির্বাচনের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ক্যাম্পাস পরিদর্শন করেন।

সাভারে প্রধান কার্যালয় ছাড়াও সিআরপি’র রয়েছে দেশব্যাপী আরো ১২টি সাব-সেন্টার। এরই ধারাবহিকতায় দেশের প্রতিটি বিভাগে সাব-সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুর বিভাগ ও খুলনা বিভাগের জন্য সম্ভাব্য স্থান নির্বাচনের ধারাবহিকতায় তার এই দিনাজপুরে আগমন।

এর আগে ভ্যালেরি অ্যান টেইলর দিনাজপুর তথা উত্তরাঞ্চলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সিআরপি’র সাব-সেন্টারের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পরে সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক এনড্রিউ মাইকেল রকফর্ট, নাগরিক উদ্যোগ দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভ্যালেরি অ্যান টেইলর বলেন, দিনাজপুর আমেনা-বাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের সাথে কাজ করার লক্ষ্যে আমরা দিনাজপুর এসেছি। তিনি দেশের একজন সুনামধন্য অর্থপেডিক সার্জন পাশাপাশি অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমি একজন মানুষ। আমি চিরিরবন্দর আমেনা-বাকি ফাউন্ডেশনের কথা সিআরপি’র ট্রাস্ট্রিদের কাছে উপস্থাপন করবো। আশা করছি ভালো একটা কিছু ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে।

মিলন/এমবি