লক্ষ্মীপুর ৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থী নিজে, তিন সাংবাদিক, বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার শান্তিরহাট বাজারে গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, সকালে ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বের হন। এ সময় সদর উপজেলার শান্তিরহাট বাজারে পৌঁছলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও সাধারন সম্পাদক আবদুর রহমানের নেতৃত্বে নৌকার কর্মীরা গণসংযোগে অতর্কিত হামলা করে। হামলাকারীদের লাঠি ও ইটের আঘাতে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও নেতাকর্মীরা আহত হন।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন সাংবাদিক। এক পর্যায়ে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সে¦চ্ছাসেবকদলের ২৫ নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, কুশাখালী ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মানিক, ছাত্রদল নেতা বদরুল ইসলাম শ্যামল, মিজানুর রহমান পলাশ, হারুনুর রশিদ, ইমতিয়াজ, জাহের, শিমুল, বরকত উল্যা ও আবদুল খালেকসহ ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুর রেজ্জাক ও এক কনস্টেবলও আহত হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অভিযোগ করে বলেন, পূর্বনির্ধারিত গণসংযোগ চলাকালে নুরুল আমিন ও আবদুর রহমানের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে অতর্কিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমিসহ ২৫ নেতাকর্মী আহত হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

অপরদিকে হামলার কথা অস্বীকার করে কুশাখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবী করেন তিনি।

দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মতিন জানান, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জেড