চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম নুরুল আলম (৩৮)।

শনিবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পূর্ব মাইজবিলা কবরস্থান মুড়ায় এই ঘটনা ঘটে।

নুরুল আলম ওই এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে।

চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বলেন, ধান খেতে বন্যহাতির আক্রমণের খবর শুনে নুরুল আলম সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে যাচ্ছিলেন। পথে হাতির দল গতিরোধ করে অটোরিকশায় আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নুরুল।

খবর পেয়ে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ রুদ্রের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। এসআই জানান, লাশ উদ্ধারের জন্য যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

এমবি