নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় কবিরহাট-সোনাপুর সড়কের অশ্বদিয়া স্টিলের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, রাতে কবিরহাট থেকে সোনাপুরে যাচ্ছিল অটোরিকশাটি। অশ্বদিয়া স্টিলের ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৯০৩০) ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।

ওসি নবীর আরও জানান,আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এমবি