রাজধানীর ওয়ারী থানার এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই প্রথম কোনো পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হলো।
ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে বলে বুধবার (২৯ এপ্রিল) সকালে পুলিশকে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
মারা যাওয়া ওই কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তার সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তার অবস্থা ভালো।
ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কয়েক দিন আগে জসিম উদ্দিন শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। নমুনার ফলাফল আসার পর তাকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেয়ার কথা ছিল। তিনি বলেন, গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় তার নমুনায় করোনা পাওয়া গেছে।
এমবি





