কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সমুদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
আজ (৫ জানুয়ারি) রোববার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মগপাড়ার পাশে লবনের মাঠে এই ঘটনা ঘটে।
সমুদা বেগমের বাড়ি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায়।
পুলিশের দাবি, সমুদা ইয়াবা ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত চার পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক আরিফুর রহমান, কনেস্টেবল রুবেল, রাশেল ও হাবিব।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রোববার ভোর রাতে একদল পুলিশ টেকনাফের খারাংখালী মগপাড়ার পাশে লবনের মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কতর্ব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ গুলিবিদ্ধ এক নারীকে নিয়ে আসেন। তার শরীরে গুলির আঘাত রয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এমবি





