বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগীদের প্রতি ১০০ জনের মধ্যে ৬৮ জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন।

এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৫০০-এর কিছু বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১ হাজার ৩০০ -এর বেশি রোগী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭৫ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ২৬৬ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন ১ হাজার ৮৩৮ জন। গত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা এবং কমেছে শনাক্ত।

পরে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সবার হাসপাতালে থাকার দরকার ছিল না। অনেকেই সামাজিক চাপে বাসা থেকে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।

বুলেটিনে মীরজাদী সেব্রিনা বলেন, মোট আক্রান্তের ৫৫ শতাংশের বয়স ২১ বছর থেকে ৫০ বছর। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়স ২১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ১৯ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের ১৫ শতাংশ।

এমবি