লক্ষ্মীপুরের সদর উপজেলার কাশিপুর থেকে অস্ত্রের মুখে জিম্মি যুবদল নেতা ইস্রাফিলের লাশ নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাটখিল উপজেলার চন্দ্রগঞ্জ-খিলপাড়া সড়কের দক্ষিণ দেলিয়াই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ইস্রাফিল (২৫) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মকবুল আহমদের ছেলে। তিনি কাশিপুর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে যুবদল নেতা ইস্রাফিল কাশিপুর গ্রামের তার বাড়ির পাশের একটি চা দোকানে বসে ছিল।

এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী ওই স্থানে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সোহাগ নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়।

পরে ওই সন্ত্রাসীরা যুবদল নেতা ইস্রাফিলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। রাতে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন চাটখিলের দেলিয়াই এলাকায় সড়কের পাশে ইস্রাফিলের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিহতের পরিবারের অভিযোগ তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এআর