জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতালে বগুড়ার শাজাহানপুর থেকে রোববার দুপুরে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল বাশার।

বগুড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রোববার দুপুর সোয়া ১২টায় শফিককে থানার সামনে থেকে আটক করা হয়। অপরদিকে, সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা খায়রুল বাশারকে ফুলতলা এলাকা থেকে আটক করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, সোমবার বিএনপির ডাকা হরতালে তারা নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারেন, এ সন্দেহে তাদের আটক করা হয়েছে।

এদিকে, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মী শূন্য অবস্থায় জামায়াতের হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মহাসড়কে ভারি যানবাহন চলাচল না করলেও স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা ছিল।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর