বগুড়ার শেরপুর উপজেলায় পাঁচ মাদক বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ‍আটকের পর সোমবার (২৭ জুন) বিকেলে আদালতে তোলা হলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলাম।

দণ্ডাদেশপ্রাপ্ত পাঁচ মাদক বিক্রেতা হলেন- পৌর শহরের শ্রীরামপুর পাড়ার শ্রীদামের ছেলে সুজা কুমার (৩০), ঘোষপাড়ার মৃত আল রাফী জুয়েলের ছেলে আবু রায়হান ওরফে ডন (৩২) ও মৃত আলতাফ হোসেনের ছেলে রনজু মিয়া (৪৫), ওলিপুরের সুজাউদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (৩৯) এবং উত্তর সাহাপাড়ার মৃত নাসির শেখের ছেলে সাগর শেখ (২২)।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এমআইএস