নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে ২০ কেজি গাঁজাসহ আতিকুল ইসলাম (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি সৈয়দপুরের বাঙ্গালীপুর এলাকার ডাঙ্গা পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট মনির হোসেন ও এটিএসআই তোফায়েল হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আতিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তার শোবার ঘর থেকে বিশেষ কায়দায় বস্তা ভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমই