নাটোরের সিংড়া উপজেলায় ৭০ বোতল ফেনসিডিলসহ সজল হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার সিংড়া-আত্রাই সড়কের নিঙ্গুইন সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সজল হোসেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার আলীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সজল হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রাজশাহীর চারঘাট এলাকা থেকে ফেনসিডিল নিয়ে তিনি বিকল্প পথে আত্রাই হয়ে সিরাজগঞ্জে অন্য সহযোগীদের কাছে সেগুলো পৌঁছে দিতেন।
সেখান থেকে অন্যরা ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় চলে যেতেন। আজও তিনি মোটরসাইকেলে করে বিশেষ কায়দার ৭০ বোতল ফেনসিডিল নিয়ে আত্রাই ও সিংড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিংড়া-আত্রাই সড়কের নিঙ্গুইন সরদার পাড়া এলাকায় অবস্থান নেয়। তিনি ওই এলাকায় এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে রাস্তার ওপর গরুর সঙ্গে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে গুরুতর আহত হন।
এসময় পুলিশ তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।
পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ওএফ





