পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাতে প্রবেশের মুখে ১৩টি পয়েন্টে চেকপোস্ট থাকবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ঈদগাহ ও বিপণিবিতানসহ ঢাকার বিভিন্ন পয়েন্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় তো থাকছেনই।
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর গরুর হাট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। সেখানেই তিনি রাজধানী প্রবেশের মুখে নিরাপত্তা গ্রহণের ব্যবস্থা সম্পর্কে বলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবার ঈদুল আজহায় নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার আরওবলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীতে প্রবেশপথের ১৩টি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এসব নিরাপত্তা চৌকি ৫ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। সাদা পোশাকে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো অপতৎপরতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।
ঈদগাহে ঈদের নামাজে আসা নামাজিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ব্যতীত অন্য কিছু না আনতেও অনুরোধ জানান। পাশাপাশি অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতাসহ কোনো অপরাধের খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
আফতাবনগর পশুরহাট পরিদর্শনকালে তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এমবি





