ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, ‘দেশের উন্নয়নে নারীদের ভূমিকা সবচাইতে বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে।’

রোববার সকালে পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীপুর বাজারের কৈজুরিতে শামছুজ্জামান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, ‘নারীরা অবলা নয়। আমাদের দেশের মেয়েরা এখন মাঠে কাজ করছে। অফিস আদালতে যাচ্ছে। মেয়েদের জুজুবুড়ি হয়ে থাকলে দেশে কোনো উন্নতি হবে না। সরকার দেশে জেন্ডার ইকুইটি বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’ তিনি নারীদের পুরুষের পাশাপাশি সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীসহ সব পেশায় অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি সবাইকে দেশের উন্নয়নে একযোগে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় মূল্যবোধ ও আইনের শাসনে বিশ্বাসী। দেশে দুর্নীতি, খুন, হত্যা, সন্ত্রাস কমিয়ে এনে অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত করতে শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারাকে বেগবান করছেন।’ তিনি এলাকার সব শিশুদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এর আগে মন্ত্রী আটঘরিয়া উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীবের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন হোসাইন, আটঘরিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী ওয়ারেছ উদ্দীন প্রমুখ।

জেআই