সোনারগাঁওয়ের ঐতিহাসিক গ্র্যান্ড-ট্রাঙ্ক রোডের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাজ ও কাজের মন্থর গতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এ রোডের কাজ পরিদর্শনে যান মন্ত্রী।

পরিদর্শনে গিয়ে মন্ত্রী ওবায়দুর কাদের সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় জনগণকে একত্রীভূত করে রাস্তা নির্মাণের নির্দেশ দেন এবং রাস্তা নির্মাণের অজুহাতে কারো ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখতে বলেন ওবায়দুল কাদের।

কাজের ধীর গতি এবং নিন্মমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সড়ক ও জনপথের বিভাগীয় প্রকৌশলী শামসুদ্দিন আহম্মেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূঁঞা, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ শাহ মো. মঞ্জুর কাদের, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, হাইওয়ে ওসি শেখ শরিফুল আলমসহ প্রমুখ।

এমআইএস