অবশেষে রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় নিহত মা ও তার আহত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন দু’বছরের কন্যা শিশুটির দাবিদার পাওয়া গেছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে অসহায় শিশুটির করুণ কাহিনী প্রকাশিত হলে ৮দিন পর এই প্রথমবারের মত তার স্বজন পরিচয় দিয়ে গোবিন্দগঞ্জ থানায় আসেন তারা। তবে পুলিশ জানিয়েছে,তাদের হাতে শিশুটিকে তুলে দেবার আগে উপযুক্ত প্রমান অবশ্যইদেখা হবে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসদ পারভেজ জানান, তার আত্মীয় স্বজনদের দেয়া পরিচয় অনুযায়ী শিশুটির নাম মুর্শিদা খাতুন শিখা। বাবা গোলাম মোস্তফা গুলশান এবং দূর্ঘটনার সময় সঙ্গে থাকা নিহত মায়ের নাম মুন্নি বেগম।বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামে।

তবে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি জানান, শিশুটিকে তখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। দাবীদাররা প্রকৃত অভিভাবক কিনা যাচাই-বাছাই করেইপুলিশ শিশুটিকে হস্তান্তর করবে।

তবে উপজেলার তালুক কানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য অভিভাবকদের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জাফিরুল ইসলাম জাফুকে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান বলেন, ঘটনার দিন স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে শিশুটিকে নিয়ে বাবার বাড়ি চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশে রওনা হয় মুন্নি। বাবার বাড়ি অনেক দূরে হওয়ায় তাদের আর কোন খোঁজ করা হয়নি। দূর্ঘটনা কবলিতরা তাদের স্বজন বিষয়টি জানা যায়নি। পরে পত্রিকায় খবর ও ছবি দেখে তারা নিশ্চিত হয়েছেন।

ভাঙা পা নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চতুর্থ তলায় অর্থপেডিক্স শিশু বিভাগের ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন শিশুটিকেসনাক্ত করতে বগুড়ার পথে ছিলেন তার স্বজনরা।
তাদের সাথে থাকা ইউনিয়ন পরিষদ সদস্য জাফিরুল ইসলাম জানান, তিনি পথে রয়েছেন। এখনো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পৌছেননি। তার সঙ্গে শিশুটির বাবা গোলাম মোস্তফা ও নানী বিউটি বেগম রয়েছেন।

গত ৫ জুলাই শনিবার) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন পরিচয়হীন ওই নারী ও কোলের শিশুটি। মেয়েকে কোলে নিয়ে সড়ক অতিক্রমকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা নিহত হন। গুরুতর আহত হয় শিশুটি।

দু’দিন ধরে ওই নারীর লাশ (৩০)গাইবান্ধা মর্গে পড়ে থাকার পর ৬ জুলাই রোববার বিকালে সেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই