৩৮তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে ৫৪১ জনকে নন-ক্যাডারে প্রথম শ্রেণিতে নিয়োগের সাময়িক সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) কমিশনের বিশেষ সভায় নিয়োগের এই সুপারিশ করা হয়েছে। পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কমিশনের ১১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ৫৪১ জনকে সরকারের বিভিন্ন দফতর-সংস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এর মধ্যে সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা/সমমান পদে ১১১ জন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ৬২ জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল কর্মকর্তা পদে ৩৩ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী পদে ৮৫ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ ৫৩ ক্যাটাগরিতে মোট ৫৪১টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের তালিকা www.bpsc.gov.bd ও http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পদ স্বল্পতায় ৬ হাজার ১৭৩ জন ক্যাডার নিয়োগ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন।
এমবি





