বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চিকিৎসকের সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
সংগঠনের সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ বলেন, “বিশ্বে চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। দেশে যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে চিকিৎসক ১৩ শতাংশ। সব স্বাস্থ্যকর্মী মিলে হিসাব করলে এটা ১৫ শতাংশের বেশি। এটা সারা বিশ্বে সর্বোচ্চ। ইতালিতে এই হার ৮.৭ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ।”
বিডিএফের তথ্যানুযায়ী, আক্রান্ত হওয়া চিকিৎসকদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৬৮ জন। এর মধ্যে মিটফোর্ড হাসপাতালে সর্বোচ্চ ২৫ জন। ঢাকা বিভাগে আক্রান্ত হওয়া চিকিৎসকদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন ১১৭ জন, বেসরকারি হাসপাতালে রয়েছেন ৩৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ৮ জন করে। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৮ জন, এর মধ্যে গফরগাঁওয়ে রয়েছেন সর্বোচ্চ ৩ জন।
চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ জন, এর মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন, বেসরকারি হাসপাতালে ১ জন। বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬ জন চিকিৎসক। রংপুর ও খুলনা বিভাগে ৩ জন করে চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিডিএফ।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুসারে এখন পর্যন্ত চিকিৎসক আক্রান্ত হয়েছেন ১৬১ জন। অপরদিকে নার্স ৬৬ জনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ১৫২ জন।
বিএমএ’র মহাসচিব বলেন, “১১৮ জন চিকিৎসক কেবল ঢাকা বিভাগেই, আর ঢাকা সিটিতে আক্রান্ত হয়েছেন ৬২ জন চিকিৎসক। তবে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলার বাইরে কিশোরগঞ্জ জেলায় বেশি।” তিনি বলেন, “চিকিৎসকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, এ পরিস্থিতি খুবই ভীতিকর এবং উদ্বেগজনক। এভাবে যদি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে থাকেন, তাহলে পরবর্তী পর্যায়ে সব মানুষের চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে।”
এমবি





