যশোরের শার্শায় যুবলীগের হামলায় বাস্তহারা লীগের ৬ কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বাস্তহারা লীগের অফিসে থাকা আসবাবপত্র ও বঙ্গবন্ধুর ছবি।

বুধবার বিকেলে শার্শা উপজেলার নাভারন রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন জানান, বুধবার বিকেলে দিকে আওয়ামী লীগ কর্মী নাভারনের কাজিরবেড় গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে মিলন ও সুমন বাস্তহারা লীগ অফিসে এসে ডালিম নামের এক কর্মীর কাছে ১২ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লাঠি ও দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে তারা। এতে বাস্তহারা লীগের কর্মী ডালিম, জাহাঙ্গীর, শাওন, রমজান, তরিকুল ও সখিনা খাতুন আহত হন।

এ সময় যুবলীগ কর্মীরা অফিসে থাকা টেবিল, চেয়ার, বেঞ্চ, টেলিভিশন ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওযা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসএইচ