বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানান। তবে কী কারণে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে।
গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে সংঘাত
লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির দিকে হুথিদের অগ্রসর হওয়ার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘর্ষ বেড়েছে। বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যেই আরামকোর এই পদক্ষেপ। চলতি মাসের শুরুতে হুথিদের হামলায় ধাহরানে আরামকোর সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছিল।
আরামকো ও সৌদি স্থাপনায় হামলার দাবি
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, গোষ্ঠীটি লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে আরামকোর স্থাপনা এবং রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদ ও পবিত্র নগরী মদিনার আকাশে ড্রোন প্রতিহত করেছে। হুথিদের হামলার জবাবে সৌদি আরব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলেও জানানো হয়। দেশটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হুথিদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
হুথি মুখপাত্রের দাবি, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইয়েমেনে সৌদি হামলায় ৫৬২ জন নিহত ও আহত হয়েছেন। ওই সময় সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করে হুথিরা। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।
বিমানবন্দরে হামলায় সৌদি ও ভারতীয় নাগরিক নিহত
বুধবার সন্ধ্যায় ধাহরানের কাছের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় সৌদি আরবের একজন নাগরিক ও ভারতের একজন নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও আটজন।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং আকাশপথে চলাচল স্বাভাবিক হয়েছে।
চলতি মাসে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দক্ষিণাঞ্চলের আভা বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছে গোষ্ঠীটি।
তেলের বাজারে প্রভাব
আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার খবর প্রকাশের পর বৃহস্পতিবার সৌদি আরবের প্রধান শেয়ারবাজার সূচক ২ দশমিক ৫ শতাংশ কমে যায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
একই দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ০৬ ডলার বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১১১ দশমিক ৮৮ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১১২ দশমিক ৫৫ ডলারে উঠেছিল, যা ১৮ মে-এর পর সর্বোচ্চ।
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ বাড়ছে।
সূত্র: রয়টার্স ও দ্য আলজেমাইনার
এস
















