রাজধানীর বাড্ডায় হালিমা (১১) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় বাবা-মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্টের ৮ নং রোডের ৩৫ নং বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল গৃহকর্তা তোফাজ্জল হোসেন, তার স্ত্রী আয়েশা আক্তার, তার মেয়ে মুক্তা আক্তার। আটক আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) এমএ জলিল টাইম নিউজ বিডিকে বলেন, গৃহকর্মীকে হালিমাকে আটকে রেখে বাসায় নির্যাতন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে এবং বাড়ির লোকজনকে আটক করে। তারা হালিমাকে বিভিন্ন সময়ে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করতো।
ওসি আরো জানান, হালিমার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হালিমা বর্তমানে বাড্ডা থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হবে।
এ ঘটনায় হালিমার পরিবার মামলা না করলেও পুলিশ বাদি হয়ে মামলা করবে বলে টাইম নিউজ বিডিকে জানিয়েছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই লিয়াকত হোসেন)।
[b]ঢাকা, জানুয়ারি ২৯, (টাইম নিউজ বিডি. কম)//এসএইচ[/b]





