চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দু’গ্রুপ। আগামীকাল থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে একাংশের নেতাকর্মীরা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর সিএফসি গ্রুপের দুই নেতাকে ভিএক্স গ্রুপের কর্মীরা কোপানোর পরই থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায, সিএফসি গ্রুপের নেতা সুমন নাসির ও আব্দুল্লাহ আল রায়হান রাফিকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা।

এদিকে অতর্কিত হামলার প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও তার অনুসারী গ্রুপ সিএফসি।

রেজাউল হক রুবেল বলেন, তাপস হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা আমাদের দুই ছাত্রনেতার উপর হামলা চালিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হলো। অন্যথায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হাটহাজারীর ১১ মাইল এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছিরসহ দুজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ।

এর জের ধরে রাতে ক্যাম্পাসে, সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসি ও প্রতিপক্ষ ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জলকামান ও টিয়াশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে, হামলার প্রতিবাদে আগামীকাল থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগের সভাপতির অনুসারীরা।

এএস