পঞ্চগড় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী লীরাকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী ফুয়াদ। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি গ্রামে স্বামীর বাড়িতে মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন লীরা।

পুলিশ লাশ উদ্ধার করে বুধবার রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক স্বামী ফুয়াদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, লীরা পঞ্চগড় জেলা শহরের বাগানবাড়ি মহল্লার মৃত আবদুর রউফের মেয়ে। পঞ্চগড় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী লীরা প্রেমে পড়ে ফুয়াদের। একপর্যায়ে তারা বিয়ে করেন। বিয়ের পর লীরা স্বামীর বাড়ি রংপুরে বসবাস করতে থাকেন।

কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকার জন্য শুরু হয় নির্যাতন। মঙ্গলবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে লীরার তলপেটে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী। গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলে গভীর রাতে লীরা মারা যায়। তড়িঘড়ি করে তারাগঞ্জে লাশ দাফন করার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

জেআই