logo
Search

জাতীয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর এই সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে বলে জানান তিনি।

নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়া। অধিবেশনকে ঘিরে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইনে একাধিক বৈঠক হয়ে থাকে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কবে কার সঙ্গে বৈঠক করবেন, সফরের বিভিন্ন কর্মসূচি—সবকিছু যথাসময়ে জানানো হবে। এ বিষয়ে কোনো তথ্য গোপন রাখা হবে না।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দিল্লির সঙ্গে ঢাকা নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।

বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, সীমান্তে মানুষের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের বিষয়টি কূটনৈতিক চ্যানেলে ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এস