ভারতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জুনাইদ কামাল আহমেদ।
মঙ্গলবার সংস্থাটির নয়াদিল্লি কার্যালয়ের এক বিবৃতিতে এ নিয়োগের কথা জানানো হয়।
ভারতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রধানের দায়িত্বে থাকা ওনো রুহলের স্থলাভিষিক্ত হন জুনাইদ।
সাবেক কূটনীতিকের ছেলে জুনাইদ ১৯৯১ সালে তরুণ পেশাদার হিসেবে বিশ্ব ব্যাংকে যোগ দেন। নয়াদিল্লিতে দায়িত্ব নেয়ার আগে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জং ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়, জুনাইদ গত ১ সেপ্টেম্বর তাদের নয়াদিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি অর্জন করা জুনাইদ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন ব্রাউন ইউনিভার্সিটি থেকে।
জুনাইদ আহমেদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। তার বাবা সাবেক কূটনীতিক মুসলেহউদ্দিন আহমেদ বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি।
এমবি





