গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাঙালি নদীর পানিতে ডুবে এক শিশু নিখোঁজ রয়েছে। নিহত শিশুর নাম সোহাগ মিয়া (৬) বলে জানা যায়।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার শালামালা ইউনিয়নের দোয়াইল (নয়নপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ মিয়া ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।

নিখোঁজ হওয়ার পর থেকে বগুড়ার সোনাতলা ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তার মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।

শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন শামীম জানান, নিখোঁজ হওয়ার পর থেকে সোহাগ মিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল কাজ করছে।

সোনাতলা ফায়ার সার্ভিস ইউনিটের উদ্ধারকর্মী জাহিদুল ইসলাম জানান, উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। তবে নদীতে স্রোত খুব বেশি হওয়ায় মৃতদেহ উদ্ধারে আরও সময় লাগবে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাবার সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে সোহাগ মিয়া পানিতে ডুবে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ