কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে পারভীন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুস সালামের বিরুদ্ধে।
শুক্রবার সকালে সদর উপজেলায় বটতৈল ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকার পারভীনের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা আব্দুল খালেদ বাদী হয়ে কুষ্টিয়া থানায় মামলা করেছেন। এ ঘটনায় আব্দুস সালাম পলাতক আছেন।
নিহতের পরিবার জানায়, সালাম কোনো কাজ করত না। যৌতুকের দাবিতে প্রায়ই সে পারভীনকে মারধর করত। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে সে আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে আব্দুস সালাম তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। শুক্রবার সকাল ৮টার দিকে বাইরে থেকে ঘরে তালা দেওয়া দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙে পারভীনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে সালাম তার স্ত্রী পারভীনকে পিটিয়ে ও কাপড় দিয়ে মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেডআই





