ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহ আলমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে রাজাপুরের নৈকাঠি এলাকার একটি বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তবে নিহতের পরিবারের দাবি, দুই দিন আগে ঢাকার রামপুরার বাসার সামনে থেকে সাদাপোশাকধারী ডিবি পুলিশ তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলের পাশে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে ঝালকাঠি মর্গে পাঠায়।
শাহ আলম স্থানীয় আলম বাহিনীর প্রধান ও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
নিহতের ভাই ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, গত তিন দিন আগে তার ভাইকে রামপুরার বাসার সামনে থেকে সাদাপোশাকধারী ডিবি সদস্যরা হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। এর পরে রামপুরা থানায় একটি জিডিও করা হয়।
ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ দেখে মনে হচ্ছে ভোর ৪টা-৫টার দিকে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সাধারণ মানুষকে কোনো রকম হয়রানি করা হবে না।’
এমকে





