ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকালের চাইতে আজ (বৃহস্পতিবার) তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

গণমাধ্যমে পাঠানো জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, তার চিকিৎসক অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ বলেছেন, তার ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে। তিনি পূর্বের চেয়ে ভালো বোধ করছেন। তাকে পরিমিত এন্টিবায়োটিক দেয়া হচ্ছে। এছাড়াও তাঁর নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এখনো চিকিৎসাধীন আছেন। ডা.জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এমআর