ইসরায়েলি হামলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পেশীজীবী নেতারা।

তারা বলেন, গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা বন্ধ করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।  

বুধবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে’ মানববন্ধনে তারা এ দাবি জানান।  

মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির আহ্বায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় ইসরাইল এ হত্যাযজ্ঞ চালাচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে এ হামলা বন্ধ করতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা দেখাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপউপাচার্য ইউসুফ হায়দার বলেন, গাজায় হামলা বন্ধ করতে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে ব্যর্থ। তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে বিশ্ববাসী, সেটা পুরোপুরি পালন করতে ব্যর্থ এই সংস্থাটি।  

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার বলেন, গাজায় শুধু মুসলমানদের ওপর হামলা হচ্ছে না, এখানে মানবতায় ওপর হামলা হচ্ছে।

বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো কোথায় এ প্রশ্ন রেখে তিনি বলেন, নারী ও শিশুর মারার রাজনীতি বন্ধ করুন।  

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেন, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ বিভিন্ন পেশাজীবী নেতারা।  

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ