বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে একদল চোর দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যায়। মালিকপক্ষ জানিয়েছে, প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। আমরা এখনো দাবির সত্যতা যাচাই করছি।

তিনি আরও বলেন, দোকান ও মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে বোরকা পরিহিত দু’জন ব্যক্তি ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে প্রবেশ করে এবং শাটারের তালা কেটে স্বর্ণ চুরির কাজ সম্পন্ন করে।

শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস জানান, আমার দোকানে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল—এর মধ্যে ৪০০ ভরি নিজের এবং ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।

তিনি আরও বলেন, গত রাতেও দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। সকালে মার্কেটের দারোয়ানের ফোনে খবর পাই দোকানে চুরি হয়েছে। এসে দেখি—সব উধাও।

এনএইচ