নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বিক্ষোভ সমাবেশ স্থগিত করে খুলে দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসাসেবা।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়। এর আগে সকাল ৯টার দিকে বহির্বিভাগের সামনে সমাবেশে অবস্থান নেন ইন্টার্নসহ শতাধিক চিকিৎসক।
এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ আন্দোলনে দাঁড়িয়েছি। কর্তৃপক্ষকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আমরা রোগীদের সেবা দিয়ে থাকি। রোগীদের সুস্থ করাই হচ্ছে চিকিৎসকদের কাজ। আর আমাদের ওপর বহিরাগতরা হামলা করে চিকিৎসকের হাত ভেঙে দেবে তা মেনে নেওয়া যায় না।’
মোস্তাক আরো জানান, ‘আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। আরো কর্মসূচি দেওয়া হবে। পরবর্তীতে আপনাদের এ বিষয়ে জানানো হবে।’
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন জানান, গত শনিবার ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় হৃদরোগ বিভাগে এক রোগীর মৃত্যু হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও বহিরাগত কয়েকজন হৃদরোগ বিভাগের দায়িত্বরত চিকিৎসকদের মারধর করে। এ সময় এক চিকিৎসকের হাত ভেঙে যায়।
ইন্টার্নরা বহির্বিভাগের টিকেট বিক্রি বন্ধের পাশাপাশি হাসপাতালের নতুন ভবনের নিচতলার বহির্বিভাগের টিকেট বিক্রিও বন্ধ করে দেয়। তবে জরুরি বিভাগসহ হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা চালু ছিল।
এমএ





