পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

গত সোমবার ভূমিমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরকালে কোলকাতার নবান্নে এক সৌজন্য সাক্ষাতে দুই নেতার মধ্যে ফলপ্রসু এ আলোচনা হয়।

এতে মমতা ব্যানার্জি বাংলাদেশের ভূমিমন্ত্রী শরীফকে আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিন ঝুলে থাকা ছিটমহল বিনিময় সমস্যা সমাধানে অতিদ্রুত দুই দেশের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।

ঘণ্টাব্যাপী আলোচনার মুখ্য বিষয় ছিল ভারত-বাংলাদেশ অভ্যন্তরের ছিটমহল বিনিময় সংক্রান্ত। এতে মমতা ব্যানার্জি খুব দ্রুত এ জটিলতার নিরসন করা হবে বলে আশ্বাস দেন।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে মমতা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আতিথেয়তা পেয়েছেন তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতিসঙ্গে বাংলা ভাষাকে স্থায়ী ভাষা করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুর্ণ সমর্থন রয়েছে বলে ভূমিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

ভূমি মন্ত্রী শরীফ কোলকাতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি, সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সীমান্তে অনেকেই সন্ত্রাস ঘটানোর চেষ্টা করছে, বাংলাদেশ সরকার তা দমনে উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ব্লগার অভিজিৎ রায়ের খুনিরা অবশ্যই ধরা পড়বে, শাস্তি পাবে। মন্ত্রী সন্ত্রাস দমনে ভারত সরকারের আন্তরিকতার প্রশংসা করেন। খবর বাসস।

জেআই