বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য কমান্ডো ট্রেনিংয়ে অংশ নিতে ভারত গেলেন। রোববার ভারতের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হন তারা। পুলিশ সদস্যরা নয়াদিল্লীতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সোমবার তিন সপ্তাহব্যাপী এ ট্রেনিং শুরু হবে।
প্রশিক্ষণার্থীদের মধ্যে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে থেকে জানাযায়। এদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৫ জন এবং ১৫ জন রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। এবারই প্রথম কমান্ডো প্রশিক্ষণে অংশ নিচ্ছেন একজন নারী এএসপিসহ পাঁচজন নারী পুলিশ সদস্য।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি যথাযথভাবে প্রশিক্ষণগ্রহণ এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগানোর আহ্বান জানান।
নাজিব





