ঈদের পর রাজধানীর বাজারগুলোতে একের পর এক পণ্যের দাম কমছে। বয়লার মুরগি, এলাচ, পেঁয়াজ, রসুন, আদা, মশুর ডাল, চিনির পর এখন কমেছে আটা ও ময়দার দাম।
এর মাধ্যমে ঈদের পর ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমল। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।
টিসির তথ্য অনুযায়ী, খুচরা বাজারে প্যাকেট আটার দাম কমেছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। ঈদের আগে ৩৩-৪২ টাকা কেজি বিক্রি হওয়া প্যাকেট আটার দাম কমে ৩০-৩৫ টাকা হয়েছে।
প্যাকেট ময়দার দাম ৫ দশমিক ৫৬ শতাংশ কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, যা ঈদের আগে ছিল ৪২-৪৮ টাকা।
ঈদের পর আটা ও ময়দার দাম কমার তথ্য দিয়েছে খুচরা ব্যবসায়ীরাও। রামপুরার মুদি ব্যবসায়ী শিপলু বলেন, ঈদের পর ময়দার দাম কেজিতে পাঁচ টাকা কমেছে। আগে যে ময়দা ৪৫ টাকা কেজি বিক্রি হয়েছিল তা এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ৩২ টাকার আটা ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ঈদের পর দাম কমা আদার দাম বুধবার (৩ জুন) আর এক দফা কমেছে। এর মাধ্যমে ঈদের পর দেশি আদার দাম কমেছে ৪০ শতাংশের ওপরে। ঈদের আগে ২০০-২২০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি আদার দাম কমে ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি, যা ঈদের আগে ছিল ১৬০-২০০ টাকা।
বয়লার মুরগির দাম কমেছে ২২ দশমিক ৮৬ শতাংশ। ঈদের আগের ১৭০-১৮০ টাকা কেজি বিক্রি হওয়া বয়লার মুরগি দাম ১৩০-১৪০ টাকায় নেমেছে।
এএস





