একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ (২৯ ডিসেম্বর) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি সদর দফতরে আয়োজিত তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এইসব কথা বলেন। 

আছাদুজ্জামান মিয়া বলেন, “প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি। সেই বিবেচনা থেকে সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।”    

ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে।”  

তিনি আরও বলেন, “কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, পেশিশক্তি ব্যবহার করতে চায় এবং কোনও বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।”

এমবি