প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়ে বলেছেন, সকল বাধা উপেক্ষা করেই মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে সক্ষম হব। কেউ আমাদের অগ্রগতিকে রুখতে পারবে না। আমরা সকল বাধাকে উপেক্ষা করে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সমর্থ হব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নৌবাহিনীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার
পদকপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সাতজনই পেয়েছেন মরণোত্তর। তাঁদের পক্ষে স্বজনেরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এ জন্য দেশকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এ জন্য আমি সকলকে আহ্বান জানাই-এ দেশ আমরা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। কাজেই এই স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়। এ দেশের মানুষ যেন একটা সুন্দর জীবন পায় সেটাই আমাদের মূল লক্ষ্য।’
পদকপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে যাঁরা সম্মাননা পেলেন আমি আশা করি আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে আগামী প্রজন্ম। সে জন্য আগামী দিনেও সেভাবেই কাজ করবেন। তিনি বলেন, পদক পাওয়ার জন্য কেউ কাজ করে না। তবে, আপনাদের এই পদকপ্রাপ্তি আগামী প্রজন্মের জন্য অণুপ্রেরণা হিসেবে কাজ করবে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাদের তুলে এনে তাঁর সরকার সম্মান জানাতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছেন যাঁদের খবর কেউ জানে না। তবে, আমরা চাই যে যেখানে সামাজিক উন্নয়নে বা দেশের সাহিত্য জগতে বা সাংস্কৃতিক জগতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন- আমরা যেন তাঁদের সম্মান করতে পারি। সে তথ্য আমাদের জানা থাকা একান্তভাবে দরকার। কাজেই আমি আশা করি আগামীতে সে তথ্য পাব এবং তাঁদের আমরা সম্মানিত করতে পারব।’
দেশকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করে সমৃদ্ধ সোনার বাংলার গড়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগামীতে বাংলাদেশকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করব। এ দেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে। না খেয়ে থাকবে না’।
প্রধানমন্ত্রী বলেন, যে কোনো একটি জাতির উন্নয়নের জন্য একটা দিক নির্দেশনা থাকতে হয়, একটা দিক দর্শন থাকতে হয়, ভিশন থাকতে হয়। সেটা মাথায় রেখেই আমরা ঘোষণা দিয়েছি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত করব। আমাদের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশ ইতিমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
কিন্তু আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী জাতি। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা বিজয়ী জাতি, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। আর সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
ওএফ





