যশোরে শিবিরের দুই নেতাকে গুলি করে আহত করেছে পুলিশ। তারা হলেন- সংগঠনের যশোর জেলা পশ্চিম শাখার সেক্রেটারি রুহুল আমিন এবং শার্শা উপজেলা কমিটির সভাপতি আবুল কাশেম।
পুলিশের দাবি, স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে দুইপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শিবিরের ওই দুই নেতা আহত হন। তবে আহতদের দাবি, পুলিশ মধ্যরাতে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে তাদের গুলি করে আহত করেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে শার্শার বারোপোতা গ্রাম থেকে পুলিশ ছাত্রশিবির নেতা রুহুল আমিন, আবুল কাশেমসহ সাতজনকে আটক করে। শিবির নেতাকর্মীদের আটকের কথা স্বীকার করতে চায়নি পুলিশ। এর পর মধ্যরাতে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান দাবি করেন, আটক শিবিরের দুই নেতার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য রাত ১টার দিকে শার্শা উপজেলার শিকড়ি বটতলায় জাহাঙ্গীর মেম্বারের ইটভাটার কাছে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে ওত পেতে থাকা শিবির ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দেয়। ঘটনার সময় পুলিশ ১০ রাউন্ড এবং শিবির ক্যাডাররা ২০ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলিতে শিবির নেতা রুহুল আমিন ও আবুল কাশেম আহত হন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি হাতবোমা এবং ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে বলে ওসি অপূর্ব হাসান দাবি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শিবির নেতা রুহুল আমিন ও আবুল কাশেম দাবি করেন, মিজানুর রহমান নামে এক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হওয়ায় তাকে দেখতে সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে তারা ২ জন শার্শার বারোপোতা গ্রামে যাচ্ছিলেন।
পথে অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। সেখান থেকে তাদের আনা হয় যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে। সন্ধ্যার পর নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে। রাত ১টার দিকে হাতকড়া পরিয়ে, পিঠমোড়া দিয়ে হাত ও চোখ বেঁধে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায় পুলিশ। তারপর ঠাণ্ডা মাথায় গুলি করা হয় ২ জনের পায়ে।
চিকিৎসাধীন রুহুল আমিন ও আবুল কাশেমের ডান পায়ে এক রাউন্ড করে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ প্রহরায় তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহত রুহুল আমিন ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ী গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞান শেষবর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্রশিবির জেলা পশ্চিম শাখার সেক্রেটারি। আবুল কাশেম শার্শার অগ্রভুলট গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি এম এম কলেজে ইসলামের ইতিহাসের প্রথমবর্ষের ছাত্র এবং শার্শা উপজেলা শিবিরের সভাপতি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]