কৌশলে সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীসহ তিন সন্তানকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়,জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের পিয়ারাতলা গ্রামের হায়দার আলীর ছেলে ভ্যানচালক হযরত আলীর (৬৫) ঘরে তিন স্ত্রী রয়েছে। হযরত আলী তৃতীয় স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে থাকতো। ছোট স্ত্রী আলেয়া সম্প্রতি কৌশলে স্বামীর নামে থাকা প্রায় কোটি টাকার জমি রেজিস্ট্রি করে নেয়।
হযরত আলী জানতে পেরে ছোট স্ত্রীকে জমি ফেরত দিতে চাপ দিতে থাকে। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘর থেকে হযরত আলীর লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়,হযরত আলীর লাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহতের বড় ছেলে হানিফ অভিযোগ করে বলেন,‘আমার বাবাকে সৎ মা আলেয়া বেগম ও তার সন্তানেরা মিলে জমির লোভে শ্বাসরোধ করে হত্যা করেছে।
জীবননগর থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ সময় পুলিশ স্ত্রী আলেয়া বেগম (৫০),ছেলে আলামিন (২২),হোসেন আলী (১৯) ও মেয়ে ফরিদা খাতুনকে (২৫) আটক করে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]