[b]নোয়াখালী:[/b]নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন ওরফে ছেনী কামাল (৩০) প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।  
গুরুতর আহত অবস্থায় তাকে রোববার রাত সাড়ে ৯টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার গোপালপুর ইউনিয়নের মেহেদীবাড়ী এলাকায় ছেনী কামালের হাত ও পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
নিহত কামাল উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আবদুল গোফরানের ছেলে।
স্থানীয়রা জানান, যুবলীগ কর্মী নামধারী সন্ত্রাসী ছেনী কামাল ও তার প্রতিপক্ষ সন্ত্রাসী রাসেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী ছেনী কামালের ওপর হামলা চালায়।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছেনী কামালের বিরুদ্ধে থানায় ১০-১২টি মামলা রয়েছে।